বোয়েসেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী বলেছেন, ১৯৮৪ সালের ২৬ জানুয়ারি বোয়েসেল যাত্রা শুরু করে।
এ পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দুই লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশের কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে। বোয়েসেল স্বল্প খরচে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠিয়ে থাকে। আর দক্ষ কর্মী বিদেশে পাঠিয়ে কোরিয়ার মতো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে লক্ষ্যেই অবহিতকরণ কর্মশালাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে বোয়েসেল।
গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোয়েসেলের জেনারেল ম্যানেজার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল হালিম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, ‘বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকে সহায়-সম্পদ বিক্রি করে কোনো না কোনো লোককে দিয়ে থাকি। পরে ওই লোক তাদের টাকা মেরে দেয়। ফলে তারা আর বিদেশ যেতে পারে না। তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা বিদেশ যেতে চায়, তারা বোয়েসেলের সঙ্গে যোগাযোগ করে বিদেশে গেলে প্রতারিত হওয়ার আর কোনো সুযোগ নেই।’
