চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে রওয়ানা করেছে। গতকাল শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৭ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে বিমানবন্দর ছেড়ে যায়।
দুপুর আড়াইটায় হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। সভাপতিত্ব করেন বিমান চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক।
এ সময় মেয়র হজযাত্রীদের মাঝে ওষুধ, খেজুর, আতরসহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করেন এবং তাদের সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। মেয়র হাজিরা সাধারণত যেসব অসুস্থতা মোকাবিলা করেন সে বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং অসুস্থ হলে করণীয় সম্পর্কে হাজিদের পরামর্শ দেন। তিনি হাজিদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেন এবং চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম সফল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাজিদের বিশেষভাবে অনুরোধ জানান।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬১৮ হজযাত্রী সৌদি আরবে যাবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্লাহ শহীদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব সেক্রেটারি মো. আব্দুল মালেক, আটাব সেক্রেটারি মো. ইদ্রিস মিয়া উপস্থিত ছিলেন।
