সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত গ্রেপ্তার ২

আপডেট : ০৫ মে ২০২৫, ১২:২০ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোদনাইল এনায়েতনগর লাকিবাজার ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে ২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

নিহত ইয়াছিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বরুয়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া। গ্রেপ্তার দুজন হলেন ওসমান (১৬) ও আবদুল (১৬)।

জানা গেছে, শনিবার সকালে এনায়েতনগর এলাকায় ২ কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের কিশোর ওসমান ছুরিকাঘাত করে ইয়াছিনকে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে জেলা শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত