১২ কেজি এলপিজির দাম কমল ১৯ টাকা

আপডেট : ০৫ মে ২০২৫, ০৭:২৯ এএম

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম চলতি (এপ্রিল) মাসের জন্য ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির (অটো গ্যাস) দাম নির্ধারণ হয়েছে ৬৫ টাকা ৫৭ পয়সা যা আগে ছিল  ৬৬ টাকা ৪১ পয়সা।

তবে দীর্ঘদিন পর সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও সারা দেশে চাহিদার তুলনায় এটি মাত্র ১ থেকে দেড় শতাংশের মতো সরবরাহ করার সক্ষমতা রয়েছে। আবার যাও সরবরাহ করা হয় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। গতকাল রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন।

বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৯ টাকা ২৪ পয়সা, যা গত মাসে ছিল ১২০ টাকা ৮১ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়।

এর আগে গত মাসে এলপিজির দাম ছিল অপরিবর্তিত। আগের মাস অর্থাৎ মার্চে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

এলপিজি মূলত প্রোপেন ও বিউটেনের একটি মিশ্রিত অনুপাত। এই দুটিই আমদানি করা হয়। সৌদি আরামকোর  ঘোষিত মূল্য (সৌদি সিপি) ধরে ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে দেশে এলপি গ্যাসের দাম ঠিক করে আসছে বিইআরসি। দাম নির্ধারণে ডলারের মূল্যও একটি ভূমিকা রাখে।

 গেল ডিসেম্বরে ও জানুয়ারির প্রথমে এলপিজির দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি। তবে সরকারের ভ্যাট বৃদ্ধির কারণে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়। সেই সঙ্গে বাড়ানো হয় অটোগ্যাসসহ অন্যান্য ওজনের এলপিজির দাম।

গত বছর ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এক দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে। সদ্য বিদায়ী বছরের (২০২৪) জানুয়ারি মাসে ১২ কেজি ওজনের এলপিজির দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইভাবে অটোগ্যাস এবং অন্যান্য আয়তনের এলপিজির দামও বাড়ানো হয়।

যদিও বাজারে কমিশনের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে ব্যবসায়ীরা ইচ্ছে মতো বেশি দামে এলপিজি বিক্রি করছেন বলে দীর্ঘদিন ধরেই ভোক্তারা অভিযোগ করে আসছেন। এক্ষেত্রে বিইআরসির বক্তব্য হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদারকি করা হচ্ছে। ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এক যুগেরও বেশি সময় ধরে বাসাবাড়িতে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকার পাশাপাশি বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের কারণে গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপিজি ব্যবহার বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত