মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এবার ২০ লাখ কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে, কোরবানির পশু আমদানি করা লাগবে না। আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এ বছর গবাদিপশু আমদানি করার প্রয়োজন নেই। প্রথমবারের মতো এবার কোরবানির পশু সরবরাহের জন্য উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। তবে ট্রেন ও নৌপথে পশু সরবরাহের ক্ষেত্রে প্রাণীকল্যাণ আইন, ২০১৯ মেনে চলতে হবে।
গতকাল রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন বিষয়ে সরকার কার্যপরিকল্পনা গুছিয়ে এনেছে।
ফরিদা আখতার বলেন, স্টেরয়েড ও হরমোন ব্যবহার-রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খামারিদের প্রশিক্ষণ চলমান রয়েছে এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ইতিমধ্যে ৫৩ হাজার ২৬৩টি খামার পরিদর্শন করে খামারিদের স্টেরয়েড/হরমোনের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, কোরবানির পশুবাহী ট্রাক ছিনতাইরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পশু পরিবহন নির্বিঘœ করতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (বিজিবি ও বাংলাদেশ পুলিশ), জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতা নেওয়া হবে। এক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তরে একটি নিয়ন্ত্রণ কক্ষ (হট লাইন-১৬৩৫৮) চালু থাকবে। যেকোনো সমস্যা সমাধানে ফোন করলে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরে কোরবানিযোগ্য হৃষ্টপুষ্টকৃত গবাদিপশুর মধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া ও ৫ হাজার ৫১২টি অন্যান্য প্রজাতিসহ সর্বমোট ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদিপশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। ফরিদা আখতার বলেন, আগামী কোরবানির ঈদে কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বাড়ে সে জন্য সরকার কাজ করে যাচ্ছে। আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি, যে কোনো সমস্যার সমাধান করা যাবে বলে মনে করছি। তিনি বলেন, আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি, যাতে গবাদিপশুর বাজার স্থিতিশীল থাকে। এ বছর গবাদিপশু আমদানি করার প্রয়োজন নেই। আজকের পর থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
