গাজায় ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ আরও ১৬ ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:১৯ এএম

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছে ৩ শিশুসহ অন্তত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে গতকাল রবিবার এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরর নিউজের প্রতিবেদন অনুসারে, এ হামলায় নারী ও শিশুরাও রেহাই পায়নি।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস গভর্নরেটে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। রাতে টানা এসব হামলায় নিহত হন ছয়জন। নিহতদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয় আল-মাওয়াসির এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে। নিহতদের মধ্যে ছিল দুই বছর বয়সী দু’টি শিশু।

বাসাল আরও জানান, আল-মাওয়াসিরের একটি তাঁবু লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে মারা যান আরও ১০ জন, যাদের মধ্যে সাতজন নারী ও একজন শিশু রয়েছে।

ঘটনার বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে। তবে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এক মুখপাত্র জানিয়েছেন, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এর আগে গতকাল রবিবার সকালে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল জানায়, গত দুই দিনে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তাদের সেনারা। ওই বিবৃতিতে জানানো হয়, তারা অস্ত্রের গুদাম শনাক্ত করেছে এবং দক্ষিণাঞ্চলে ‘বেশ কয়েকজন সন্ত্রাসীকে’ হত্যা করেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক নজিরবিহীন অভিযানের পর গাজায় একটানা হামলা চালায় ইসরায়েল। এরপর চলতি বছরের শুরুতে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, মাত্র দুই মাসের মাথায়—১৮ মার্চ ইসরায়েল ফের সামরিক অভিযান শুরু করে।

সবশেষ রবিবারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি অভিযানের দ্বিতীয় দফা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ২ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন। এতে করে চলমান যুদ্ধে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৩৫ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত