পুলিৎজার জিতল রয়টার্স, টাইমস পেল ৪ পুরস্কার

আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:৩২ এএম

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সাংবাদিকতা পুরস্কার ‘পুলিৎজার’-এ এবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স পেয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার। যুক্তরাষ্ট্রে অন্যতম প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং এর শিথিল নিয়ন্ত্রণ নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করে এ বছর পুরস্কার পেয়েছে সংস্থাটি। গত সোমবার এবারের পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে।

রয়টার্স ছাড়াও ব্রেকিং নিউজের জন্য এবারের সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। আর নিউ ইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবেও পরিচিত। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করে।

ভয়াবহ মাদক ফেন্টানিলকে কেন্দ্র করে রয়টার্সের সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ফেন্টানিল এক্সপ্রেস’। এ মাদক ব্যবহারে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নিউ ইয়র্ক টাইমস এবার চারটি পুলিৎজার জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাখ্যামূলক সাংবাদিকতা বিভাগে আফগানিস্তান যুদ্ধের গভীর বিশ্লেষণ। আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে সাংবাদিক ডেকলান ওয়ালশের সুদান যুদ্ধের প্রতিবেদন; ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে ফটোসাংবাদিক ডাগ মিলসের তোলা ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির মুহূর্তের ছবি এবং স্থানীয় প্রতিবেদন বিভাগে ফেন্টানিল সংকটের স্থানীয় প্রভাব নিয়ে বাল্টিমোর ব্যানারের সঙ্গে যৌথ অনুসন্ধান প্রতিবেদন। এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের মোট পুলিৎজার সংখ্যা দাঁড়াল ১৩৯, যা সর্বোচ্চ।

এ ছাড়া বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় সাংবাদিকতার জন্য পুলিৎজার গেছে ওয়াল স্ট্রিট জার্নালের ঝুলিতে। গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলোয় জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের জেরে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা।

সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রোনিকল। চিত্রায়িত প্রতিবেদন ও ধারাভাষ্য শাখায় পুরস্কার জিতে নিয়েছে ওয়াশিংটন পোস্ট। ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন এসকোয়ার সাময়িকীর মার্ক ওয়ারেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দ্য নিউ ইয়র্কারে প্রকাশিত একাধিক প্রবন্ধের জন্য ধারাভাষ্যে পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহা। আর সমালোচনামূলক লেখায় পুরস্কার পেয়েছেন ব্লুমবার্গ সিটি ল্যাবের প্রদায়ক আলেকজান্দ্রা লানজে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত