স্বরাষ্ট্র উপদেষ্টা

ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে সাবেক রাষ্ট্রপতিকে

আপডেট : ০৯ মে ২০২৫, ০১:৪৯ এএম

ইন্টারপোলের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে একদল শিক্ষার্থীর বাধার মুখে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে ক্ষুব্ধ একদল শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক এই রাষ্ট্রপতিকে দেশে ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় উপদেষ্টা দিনাজপুরের বিরল থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের থাইল্যান্ডে যাওয়ায় ক্ষুব্ধ ছাত্র-জনতা দিনাজপুর বিরল থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সাবেক রাষ্ট্রপতি কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে তিনিও মর্মাহত। এ ঘটনা তার অগোচরে ঘটেছে।

এ ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করে দেওয়া হয়েছে। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।

এর আগে বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। 

আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত