নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আইসিটি-২ গঠন

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:৩৪ এএম

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আরও একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে গতকাল বৃহস্পতিবার এ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-২ হিসেবে অভিহিত হবে। তিন বিচারক বিশিষ্ট ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো। গত বছরের অক্টোবর থেকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে বিচারকাজ চলছিল।

আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার-নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ও সদস্যরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন। এ ছাড়া প্রজ্ঞাপনে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গণআন্দোলন ঠেকাতে হাজারের বেশি মানুষ হত্যার অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার শুরুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে গত বছরের ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচার শুরুর উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা ও তদন্ত সংস্থা। মামলা ও আসামির আধিক্য বিবেচনায় আরও একটি ট্রাইব্যুনাল গঠনে সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়টি কিছুদিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত