চৌদ্দগ্রামে ভূমি কর্মকর্তা ও কর্মচারী বরখাস্ত

আপডেট : ১০ মে ২০২৫, ১২:৩৯ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত দুজন সরকারি কর্মচারীকে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। বরখাস্ত হওয়া দুজন হলেন মুন্সিরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এই দুই কর্মকর্তা সেবাগ্রহীতাদের দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। এ বিষয়ে জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ মে তাদের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও

আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। দুজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন জানান, সরকার বর্তমানে ভূমি সেবাকে পুরোপুরি ক্যাশলেস করেছে। নামজারি কিংবা ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবা এখন অনলাইনে সম্পন্ন করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত