কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২) নামে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। তারা বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান হাকিম।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী ও আবু সাঈদ সরকার জানান, শিশু দুটি তাদের নানা চর জলাঙ্গারকুঠির ইসলাম আলীর বাড়িতে থাকত। শনিবার বিকেল ৩টার দিকে তাদের সহপাঠী রাফি ইসলামসহ (১৩) ইমরান ও ইব্রাহিম ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় রাফি তীরে উঠতে পারলেও দুই ভাই ইমরান ও ইব্রাহিম নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান মেলেনি।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। তবে লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
