মানিকগঞ্জের সিংগাইরে আজগর আলী (৫০) হত্যার ১২ দিন পেরিয়ে গেলেও মামলার মূল আসামি কেউ গ্রেপ্তার হয়নি। এতে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ পূর্বপাড়ার আজগর আলীর তৃতীয় শ্রেণি পড়–য়া নাতনিকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন প্রতিবেশী চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন নানা আজগর আলী। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে তার কয়েক সহযোগীসহ ২৯ এপ্রিল সন্ধ্যায় কুপিয়ে হত্যা করেন আজগর আলীকে।
নিহত আজগর আলী রায়দক্ষিণ গ্রামের প্রয়াত আবদুর রশিদ খানের ছেলে। তিনি এলাকায় একটি চায়ের দোকান করতেন। অভিযুক্ত আল আমিন একই এলাকার প্রয়াত কালু প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে আয়ূব খান বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ হত্যার সঙ্গে জড়িত
থাকার অভিযোগে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করে। থানার ওসি জে ও এম তৌফিক আজম বলেন, আমরাও চাই অপরাধীরা শাস্তি পাক। আশা করছি দ্রুতই তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সক্ষম হব।
