আসন্ন কোরবানির ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে-পরে তিন দিন করে পণ্যবাহী ট্রাক, লরি, কভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
আজ সোমবার ঢাকায় বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ঈদযাত্রায় স্বস্তি দিতে ঈদের আগে ৪, ৫ ও ৬ জুন এবং ঈদের পরে ১২, ১৩ ও ১৪ জুন- এই ছয় দিন ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এই সময়ে গরুবাহী যানবাহন, পচনশীল পণ্যবাহী ট্রাক, পোশাকসহ অন্যান্য রপ্তানিমুখী পণ্যসামগ্রী বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
সড়ক ও মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত করার জন্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, দুর্ঘটনা রোধে নজরদারি বাড়ানো, রেলের অতিরিক্ত কোচ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ব্রিফিংয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) শেখ মইনউদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
শুভাঢ্যা খালের পুনঃখনন প্রকল্পে কাজ করবে সেনাবাহিনী