জয়পুরহাটের পাঁচবিবি থানার এসআই আলমগীর কবিরের হাতে ও পায়ে ছুরিকাঘাতের ঘটনায় বেলাল ও রাফি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যার আগে এসআই আলমগীরকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বালিঘাটা পাটাবুকা গ্রামের বেলাল হোসেন ও রাফি মিয়া।
পাঁচবিবি থানার ওসি ময়নুল ইসলাম জানান, পাঁচবিবির বালিঘাটা পাটাবুকা এলাকায় বেলালের স্ত্রীর সঙ্গে তিন-চার বছর আগে বিচ্ছেদ হয়। গত শনিবার ওই নারীকে তার তালাকপ্রাপ্ত স্বামী ডেকে নিয়ে এসে বাড়িতে আটকে রাখার অভিযোগে ওই নারী ৯৯৯ এ কল করেন। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা রাফিকে সরিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। বিষয়টি ওই ছেলে মেনে নিতে না পেরে কাঁচি দিয়ে এসআইকে আঘাত করে। পরে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতে অভিযান চালিয়ে ওই নারীর তালাকপ্রাপ্ত স্বামী বেলাল ও প্রতিবেশী রাফিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
