আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার সংঘাত ও ভুল বোঝাবুঝি জাতিকে হতাশ করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে। সংস্কার, খুনিদের বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচন সবই অনিশ্চিত হয়ে পড়বে।
শুক্রবার (১৬ মে) বিকালে চট্টগ্রামের লালদীঘি ময়দানে চট্টগ্রাম মহানগর এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সবার সমর্থনে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করলেও ক্রমশ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি পক্ষ তৈরি হয়ে গেছে। কার কত অবদান সে নিয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব ও একে অপরকে হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা। ফ্যাসিবাদকে পরাজিত করার পর সব পক্ষের ঐক্য সুসংহত করা দূরের কথা সে ঐক্য ধরে রাখার জন্যও সরকার কোনো চেষ্টা করেনি। এর ফলে আজ সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমে যাচ্ছে। নানা সন্দেহ-সংশয়ের জন্ম নিচ্ছে। এ অনাস্থা মহা সংকটের জন্ম দিচ্ছে।
সব পক্ষকে জেদ ও হঠকারিতা পরিহার করার আহ্বান জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এ কথা ভুলে যাবেন না পরাজিত ফ্যাসিবাদের পক্ষে নির্লজ্জ অবস্থান নিয়েছে প্রতিবেশী আগ্রাসী রাষ্ট্র ভারত।
তিনি চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যার আশু সমাধান, বন্দর ও মানবিক করিডর নিয়ে সবার ঐকমত্যে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা শুনতে পাচ্ছি সামনে ভারত আমাদের পানির ন্যায্য হিস্যা দেবে না। বন্যার সময় বাঁধ খুলে দিয়ে তারা আমাদের ভাসিয়ে মারার চেষ্টা করবে। যদি এমন কিছু তারা করতে চায় তাহলে দেশের প্রত্যেক দল ও মানুষকে যার যা আছে তা নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে।
এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক গোলাম ফারুকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল মো. দিদারুল আলম (অব.) ও লে. কর্নেল হেলাল উদ্দীন (অব.), যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম, আশরাফ মাহমুদ রুমেল, হায়দার আলী চৌধুরী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশের অর্থনৈতিক রাজধানী চট্টগ্রামকে নতুন করে ঢেলে সাজাতে হবে। যার অংশ হিসেবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। পাহাড়, সমতল আর সমুদ্রকে ঘিরে আমাদের বিশাল পর্যটন শিল্প গড়ে তুলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
