গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন বলেছেন, সংবিধান হবে গণমানুষের। যেখানে জনতার মৌলিক অধিকার বাস্তবায়নের কথা স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলার জন্য সংসদে নিদিষ্ট সংখ্যক প্রতিনিধিকে পাঠানোর ব্যবস্থা রাখতে হবে।
শুক্রবার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গ্রাউন্ড ফ্লোরে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপরেখা বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। একাত্মতার দেয়াল ও গণতান্ত্রিক আইন ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় ববি শিক্ষার্থীরা অংশ নেন।
মানজুর আল মতিন বলেন, সংবিধানে শিক্ষা, চিকিৎসা, বাসস্থানকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে তা নিশ্চিত করতে হবে। জনগণ কি চায় তার জন্য নাগরিক সমাজসহ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র শিক্ষকদের সবসময় সজাগ থাকতে হবে। নির্বাচনের যেমন রোড ম্যাপ ঘোষণা করা হয় তেমন ভাবে শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বিশেষ বক্তা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান বলেন, শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করতে না পারলে জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে। এটা সংবিধান নিশ্চিত করবে। স্থায়ী শিক্ষা কমিশন গঠন, শিক্ষা প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া ও শিক্ষাখাতে জিডিপির ৭ ভাগ বরাদ্দ করার দাবি তোলেন তিনি।
এ সময় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান ও সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ। এছাড়া উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইন ছাত্র পরিষদের সংগঠক সুদীপ্ত হালদার, শওকত ওসমান স্বাক্ষর, আব্দুর রহমান, স্বর্ণক মণ্ডল, আরিফুল আরিফিন প্রমুখ ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালের সংগঠক ভূমিকা সরকার, নিশাত মালিহা ঐশী, প্রমুখ।
