বিমানের ব্যাখ্যা

বিয়ারিং কাজ না করায় খুলে যায় উড়োজাহাজের চাকা

আপডেট : ২০ মে ২০২৫, ০৭:১৪ এএম

‘বিয়ারিং ফেইলিওর’ বা বিয়ারিং কাজ না করার কারণে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উড়োজাহাজের চাকা খুলে পড়ে গিয়েছিল বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। তারা বলছে, বিয়ারিং ফেইলিওরের সঠিক কারণ তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর জানা যাবে। গতকাল সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

গত শুক্রবার কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে শেষ পর্যন্ত ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে উড়োজাহাজটি। ওই দিন বেলা ১টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা বিজি ৪৩৬ ফ্লাইটটি ছিল ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ। এতে শিশুসহ ৭১ জন যাত্রী ছিলেন।

গতকাল ঘটনার ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিমান কর্তৃপক্ষ। এতে বলা হয়, ঘটনাটি জনমনে উদ্বেগের সৃষ্টি করলেও, বিমান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

‘বিয়ারিং কাজ না করার’ কারণে ওই ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে ঠিক কী কারণে বিয়ারিং কাজ করল না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বলা হয়, ‘বিয়ারিং ফেইলিওরের সঠিক কারণ তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের পর জানা যাবে।’

ঘটনা পর্যালোচনা করে বিমান কর্তৃপক্ষ বলছে, কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির তৈরি ড্যাশ-৮-৪০০ মডেলের বিমানটির চাকার বিয়ারিং ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট চাকা অথবা টায়ার বিচ্যুত হতে পারে।

উড়োজাহাজটির প্রস্তুতকারী কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। তাতে সাড়া দিয়ে কানাডিয়ান প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিশেষায়িত দলটি ঢাকায় আসছে এ দিন। বিমানের খুলে পড়া চাকাটি পরে কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন জামিল বিল্লাহ, যার প্রায় আট হাজার ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার জায়েদ। পাইলট ঘটনার গুরুত্ব বুঝে তাৎক্ষণিক বিষয়টি জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত