দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ যুব ফুটবল দল। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যুবাদের বহনকারী ফ্লাইটটি।
বাংলাদেশ সময় বিকেল ৫টায় দলটির ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও অনুপযুক্ত আবহাওয়ায় ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট (6E1105)টি ঢাকায় নামতে না পেরে ফিরে যায় ভারতের কলকাতায়। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে বিমানটি ঢাকার উদ্দেশে আবার রওনা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বৈরী আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ফ্লাইটটি। পরিস্থিতি অনুকূলে আসার পর আবার ঢাকায় অবতরণ করে বিমানটি।’
গত ১৮ মে ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতায় থাকায় গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-৩ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় লাল-সবুজের তরুণদের।
২০১৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্ট। এ পর্যন্ত পাঁচবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, শিরোপা জিতেছে একবার—২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে। এবারও ফাইনাল খেললেও রোমাঞ্চকর লড়াই শেষে ফিরতে হলো রৌপ্য পদক নিয়েই।
জেমি ভার্ডিকে লেস্টারের ইতিহাস সেরা ফুটবলার বললেন হামজা