পাকিস্তান নিশানাতেই আছে : ভারতের সেনা কর্মকর্তা

আপডেট : ২১ মে ২০২৫, ০৭:১১ এএম

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ অনেকটা কমলেও কথার লড়াই অব্যাহত রয়েছে। ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি’কুনহা দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি’কুনহা দাবি করেন, পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায়।

পাকিস্তান নিশানাতেই আছে : ভারতের সেনা কর্মকর্তা ওরা যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখাওয়া-তে সরিয়েও নেয়, তাহলেও ওদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে। তিনি আরও বলেন, ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব। সীমান্ত হোক বা দেশের অভ্যন্তর থেকে ভারত যে কোনো জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত।

ডি’কুনহা বলেন, আমাদের প্রধান কাজ হলো দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা। শত্রুপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতিপূর্ণ অঞ্চল বা সেনানিবাসের ওপর সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন। তিনি আরও দাবি করেন, সেনানিবাসে বহু সেনা, অফিসার ও তাদের পরিবার থাকেন। ড্রোন হামলার আশঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন। এই অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সেনা, তাদের পরিবার এবং গোটা দেশ গর্বিত।

এদিকে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ১২ জন ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসীকে হত্যা করেছে। এসব অভিযানে পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হয়েছে। গত সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানায়, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের (বিএলএফ) বিরুদ্ধে দুটি পৃথক অভিযান চালানো হয়। লাক্কি মারওয়াত, বান্নু ও মীর আলীতে সংঘর্ষে ৯ জন এবং বেলুচিস্তানের আওয়ারান ও কেচ জেলায় আরও ৩ সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ অভিযানের পর পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন এবং বলেছেন, ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সন্ত্রাস নির্মূলে এই অভিযান চলবে।

অন্যদিকে, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতায় দৃঢ় সমর্থন দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। চীন সফরে থাকা ইসহাক দার বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সেখানে আলোচনা করছেন দার। বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা পাকিস্তানের রাজনৈতিক দলগুলো ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হয়েছেন। লিউ জোর দিয়ে বলেন, ‘অল-ওয়েদার স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনার’ এবং ‘আয়রন-ক্ল্যাড বন্ধু’ হিসেবে চীন সবসময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেবে। রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান জানায়, দার সোমবার তিনদিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন পাকিস্তান ও ভারতের মধ্যে পেহেলগাম হামলার পর সামরিক উত্তেজনা চরমে ওঠে এবং পরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত