বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলা আপিল বিভাগ বাতিল করেছে।
আজ বুধবার আপিল বিভাগের একটি বেঞ্চ, যার নেতৃত্ব দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, এই আদেশ দেন।
মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।
২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ‘ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সংগঠনকে নিয়মবিরুদ্ধভাবে মিরপুর ৮ নম্বরে সাত একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তরা হলেন— সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) আজহারুল হক, গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনুসর আলম এবং হিসাব সহকারী মতিয়ার রহমান।
এরপর, ২০১৫ সালের ১২ জানুয়ারি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান আজহারুল হককে বাদ দিয়ে এবং মির্জা আব্বাস ও বিজন কান্তি সরকারের নাম যুক্ত করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে, ২০১৭ সালের ২০ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
