বরগুনায় আক্তার রোজি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) দুপুরে সাবেক পৌর কাউন্সিলর মোশাররফ হোসেনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোজি বেগম বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের মোস্তফা খানের স্ত্রী। গত ৮ মাস ধরে এই বাসায় ভাড়া থাকতেন তিনি।
জানা গেছে, গত তিনদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা তার বাসায় তালা লাগানো অবস্থায় দেখতে পান। পরে তালা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে তার মরদেহ দেখতে পান।
নিহতের স্বামী মোস্তফা খান বলেন, ‘কিছুদিন আগে রোজি তার বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনেছিলেন এবং তার একটি অংশ ছেলেদেরও দিয়েছিলেন। বাকি টাকা তার কাছে ছিল। সেই টাকা দিয়ে তিনি ব্যবসা করতেন সেই সুবাধেই শহরে বাসা নিয়ে থাকা শুরু করেন। তার কাছে মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিলো যার কিছুই ঘরে পাওয়া যায়নি। ধারণা করছি টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে তাকে হত্যা করে রেখে গেছে।’
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ‘ মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
