শেরপুর সীমান্তে হাতির আক্রমণে দুজনের মৃত্যু 

আপডেট : ২২ মে ২০২৫, ১২:৩০ এএম

শেরপুর সীমান্তে এক ঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টা ও সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী দরবেশতলা এবং গজনী-বাকাকুড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আজিজুল ইসলাম আকাশ (৪০) এবং বড় গজনী গ্রামের সোহান মারাকের ছেলে এফিলিস (৪৫)।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ২৫-৩০টি বন্যহাতির দল নালিতাবাড়ী সীমান্ত ছেড়ে ঝিনাইগাতীর গজনী ও আশপাশ এলাকায় অবস্থান করে বোরো ধান, কাঁঠাল, লিচুর বাগানসহ বিভিন্ন স্থানে হানা দিচ্ছিল। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে একদল বন্যহাতি বড় গজনী এলাকার একটি লিচু বাগানে হানা দেয়। এ সময় স্থানীয়রা মশাল ও সার্চ লাইট জালিয়ে হই-হুল্লোড় করে হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে রাত ৯টার দিকে হাতির তাড়া খেয়ে সবাই দৌড়ে পালালেও আজিজুল ইসলাম আকাশ পা ছিলে পড়ে যান। এ সময় বন্যহাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে বীভৎসভাবে হত্যা করে। অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে এফিলিসসহ স্থানীয় চার কৃষক বাকাকুড়া এলাকা থেকে বড় গজনীর দিকে আসছিলেন। এ সময় শালবনে থাকা বন্যহাতির দল আকস্মিক তাদের ধাওয়া করলে অন্যরা দৌড়ে বাঁচতে পারলেও এফিলিসকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল ও থানার ওসি আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বন বিভাগের শেরপুর সহকারী বনসংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, নিহতদের পরিবারের পাশে রয়েছে বন বিভাগ। নিয়মানুযায়ী আবেদন করলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত