রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় স্ত্রী, মেয়ে মারা গেলেন গৃহকর্তা তোফাজ্জল হোসেনেও (৩৫)। এই ঘটনায় তার আরও দুই মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফাজ্জল। এর আগে মারা যান তোফাজ্জলের স্ত্রী মানসুরা ও তার ৪ বছর বয়সী মেয়ে তানজিলা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। সঙ্গে শ^াসনালিও পুড়ে গিয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল তাকে। সেখানেই ভোরে মারা গেছেন তিনি। এই ঘটনায় তোফাজ্জলের দুই মেয়ে তানিশা ৩০ শতাংশ ও মিথিলার ৬০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরে দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিন তলা বাসার নিচ তলায় এক বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ হন তোফাজ্জল হোসেন (৩৫), তার স্ত্রী মানসুরা (২৮), তিন মেয়ে তানিশা (১১), মিথিলা (৮) ও তানজিলা (৪)।
