যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ২৩ মে ২০২৫, ০৬:০৮ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে দুই ইসরায়েলি দূতাবাস কর্মী নিহত হয়েছেন। ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় হত্যার শিকার হন ওই দুই ব্যক্তি। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে করা হচ্ছে। ওই এলাকায় অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে। যার মধ্যে এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও রয়েছে। স্থানটি হোয়াইট হাউজ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মচারী একটি জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন। ক্রিস্টি নোয়েম এক্সে এক পোস্টে বলেন, আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য নেওয়ার জন্য কাজ করছি। দয়া করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এ বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এ ঘটনাটি ইহুদিবিরোধী সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন। রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, কূটনীতিকদের এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করার বিষয়টি একটি লাল রেখা অতিক্রম করছে। আমরা নিশ্চিত যে, যুক্তরাষ্ট্রের কর্র্তৃপক্ষ এ অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এ ঘটনায় সন্দেহভাজন শিকাগো থেকে আসা ৩০ বছর বয়সী এলিয়াস রড্রিগেজকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত