গাজীপুরে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ২৪ মে ২০২৫, ১২:৫৭ এএম

গাজীপুরে মামলায় আসামি করার হুমকি ও আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি বাদীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ওই বাদীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় ছাত্রসমাজ ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে কয়েক শ শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, গত ৫ মে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় সদর উপজেলার বেগমপুর গ্রামের মৃত ইন্নছ আলীর ছেলে খন্দকার আল আমিন বাদী হয়ে বাসন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়। বক্তাদের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে এই মামলায় সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। মামলায় আসামি করা কিংবা মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে চাঁদা দাবি করা হচ্ছে। অন্যদিকে টাকার বিনিময়ে বাদী নিজে আদালতে হাজির থেকে আসামিদের জামিনে বের করে আনছেন। এর জন্য তিনি প্রত্যেকের কাছে বিপুল পরিমাণ অঙ্কের চাঁদা দাবি করছেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত