আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির সুযোগ তৈরির অংশ হিসেবে আজ শনিবার (২৪ মে) খোলা থাকবে দেশের সব সরকারি অফিস। এর আগে গত শনিবার (১৭ মে) অফিস চলমান ছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঈদের আগে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ঈদের ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন পর্যন্ত।
এই ছুটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা মোট ১০ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন। এ লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন ১৭ মে ও ২৪ মে শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের ৬ মে অনুষ্ঠিত বৈঠকে।
পরবর্তীতে ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস’-এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের ৩৭ নম্বর ক্রমিক অনুচ্ছেদ অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দাপ্তরিক প্রয়োজনের তাগিদে ১৭ ও ২৪ মে, এই দুই শনিবার অফিস খোলা রাখা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার অফিস খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।
জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কর্মসূচি, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কার্যক্রম। এসব সংক্রান্ত যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও নিয়মিত দায়িত্বে নিয়োজিত থাকবেন।
এছাড়া হাসপাতাল, চিকিৎসা সেবা এবং সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওষুধ বা চিকিৎসা সামগ্রী পরিবহণকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়বেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জরুরি কাজের সঙ্গে যুক্ত অফিসসমূহকেও এই ছুটির আওতা থেকে বাইরে রাখা হয়েছে।
ড্র করে মোহামেডানের শিরোপা উৎসব
বাড়তি নিরাপত্তা দেবে ব্লুটুথ ৬.১