স্যাটেলাইট দিয়ে ড্রোন নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে রাশিয়া, দাবি পুতিনের

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৩:০০ এএম

স্যাটেলাইট ব্যবহার করে ভারী ড্রোন নিয়ন্ত্রণের একটি নতুন ব্যবস্থা তৈরি করছে রাশিয়া- এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

পুতিন বলেন, এই প্রকল্পের কাজ অনেক আগেই শুরু হয়েছে। ২০২৩ সালেই এমন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়, যেগুলো এই ধরনের কাজে ব্যবহার করা সম্ভব। এরপর ২০২৪ ও ২০২৫ সালেও কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিও যুক্ত রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রাশিয়া এখন শুধু সাধারণ ড্রোন নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ড্রোন এবং এফপিভি ড্রোন তৈরির দিকেও দ্রুত এগোচ্ছে।

পুতিনের দাবি, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ধীরে ধীরে একটি আধুনিক ও উচ্চপ্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।

এ ছাড়া তিনি বলেন, রাশিয়ার নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্ক ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের স্টারলিংকের মতো ব্যবস্থার সমতুল্য হবে, এমনকি তা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যও রয়েছে। এ বিষয়ে কাজ চলমান আছে বলেও জানান তিনি।

অন্যদিকে একই বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ জানান, চলতি বছরের শেষের আগেই প্রায় ২০ হাজার ড্রোন সরবরাহ করা হবে। প্রতিটি ড্রোন সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে। এগুলো বিশেষ সামরিক অভিযানের এলাকায় ব্যবহার করা হবে।

সূত্র: তাস নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত