ফিল্ড মার্শাল পদবি নিয়ে কটাক্ষ ইমরান খানের

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:২২ এএম

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নতুন র‌্যাংক নিয়ে কটাক্ষ করেছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশে যেহেতু জঙ্গলের শাসন চলছে, সেহেতু ফিল্ড মার্শাল নয় তাকে ‘রাজা’ পদবি দিলেই সেটা যথাযথ হতো। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের পর মঙ্গলবার মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এক্স বার্তায় ইমরান লিখেছেন, মাশাল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল বানানো হয়েছে। তবে সত্যি বলতে কি, এর বদলে তাকে ‘রাজা’ খেতাব দিলেই তা আরও উপযুক্ত হতো। কারণ এখন দেশ চলছে জঙ্গলের আইনে। আর জঙ্গলে শুধু একজনই রাজা থাকে। পাকিস্তান সেনাবাহিনীতে ফিল্ড মার্শালই সর্বোচ্চ পদ। তার আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান। ১৯৬৫ সালের পর আসিম মুনিরই প্রথমবার দুর্লভ এই সামরিক র‌্যাংক পেয়েছেন।

একাধিক মামলায় ২০২৩ সাল থেকে জেল খাটা ইমরান তার সঙ্গে সামরিক কর্র্তৃপক্ষের ‘চুক্তির’ গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কোনো চুক্তি হয়নি, কোনো আলোচনাও চলছে না। এগুলো সব ভিত্তিহীন মিথ্যা। তবে সাবেক এ প্রধানমন্ত্রী আলোচনায় আগ্রহী। সামরিক কর্র্তৃপক্ষ যদি পাকিস্তানের স্বার্থ ও ভবিষ্যৎ নিয়ে সত্যিই ভেবে থাকে, তাহলে তাদের তার সঙ্গে আলোচনায় বসতে খোলাখুলি আমন্ত্রণও জানিয়েছেন তিনি। ইমরান বলেন, দেশ বাইরের শক্তির হুমকির মুখোমুখি, সন্ত্রাসবাদ, অর্থনৈতিক সংকট বাড়ছে। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমি কখনোই নিজের জন্য কিছু চাইনি, এখনো চাইছি না। সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান এখন এমন এক জায়গায় পরিণত হয়েছে যেখানে আইন শুধু দুর্বলের ওপর প্রয়োগ হয়, শক্তিশালীরা থাকেন ধরাছোঁয়ার বাইরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত