সালাহউদ্দিন আহমেদ বললেন

ইউনূসের পদত্যাগ বিএনপির দাবি নয়

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:২৪ এএম

অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ বিএনপির কোনো দাবি নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘এটি সম্পূর্ণ ড. ইউনূসের ব্যক্তিগত বিষয়।’ গতকাল শুক্রবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘ড. ইউনূস পদত্যাগ করতে চাইলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। আমরা (বিএনপি) কখনো তার পদত্যাগ দাবি করিনি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে যদি তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটিও তার ব্যক্তিগত ব্যাপার। তবে একান্তই যদি তিনি দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। রাষ্ট্র নিজ দায়িত্বে বিকল্প ব্যবস্থা নেবে।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। তবে আমরা আশা করি, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসেবে বিষয়টির গুরুত্ব বুঝবেন এবং জাতির প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন।’

এদিকে ড. ইউনূসের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দেশ রূপান্তরকে বলেন, ‘ইউনূসের পদত্যাগের বিষয়ে আমি কিছু জানি না। আমরা বিএনপি তার পদত্যাগ চাইনি। সহযোগিতা করতে চাই। তবে আমরা ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চাই। নির্বাচনের রোডম্যাপ চাই। দলের পক্ষ থেকে বারবার সেটাই বলা হচ্ছে।’

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদী  সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকার জুলাইয়ে  ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টাসহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন, তাদের শহীদদের পরিবারের আরও বেশি খোঁজখবর নেওয়া উচিত। যারা এত এত কাজের ফিরিস্তি তুলে ধরছেন! যাদের রক্তের ওপর এই অন্তর্বর্তী সরকার শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? যাদের রক্তের ওপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি।’

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের সর্বোচ্চ লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করা হয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব মোখলেসুর রহমান মিথুন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রশিদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত