ঝিকরগাছার নারী মাদক কারবারির যাবজ্জীবন 

আপডেট : ২৫ মে ২০২৫, ১২:৪১ এএম

ফেনসিডিল সংক্রান্ত একটি মামলায় যশোরের ঝিকরগাছার নারী মাদক কারবারি শাবানা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি শফিকুল আওলিয়াকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

শনিবার (২৪ মে) স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এই রায় প্রদান করেন। আদালতের পিপি অ্যাড. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত শাবানা বেগম ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। খালাস পাওয়া শফিকুল আওলিয়া বেনাপোল পোর্ট থানার বালুন্ডা আওলিয়াপাড়ার বাসিন্দা।

অ্যাডভোকেট আমিনুর রহমান জানান, ২০১৬ সালের ১৭ জুলাই শার্শা থানার এসআই মুরাদ হোসেন স্থানীয় জামতলার বিশ্বাস ব্রিকসের সামনে থেকে শাবানা বেগমকে আটক করেন। এসময় পালিয়ে যান তার সহযোগী শফিকুল আউলিয়া। পরে পুলিশ আটক শাবানা বেগমের কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন শার্শা থানায় মামলা করেন। 

তিনি জানান, ওই মামলায় আসামি শাবানা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি শফিকুল আওলিয়াকে খালাসের আদেশ দেয় আদালত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত