সিলেট কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৩ জনকে পুশইন

আপডেট : ২৫ মে ২০২৫, ০৭:২৭ এএম

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত দিয়ে ২১ এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকালে তাদের ঠেলে দেওয়ার আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

১৯ বিজিবির (জকিগঞ্জ ব্যাটালিয়ন) সিও লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২১ জনকে আটক করেন বিজিবির লোভাছড়া ক্যাম্পের সদস্যরা। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের মৃত আবদুল বাতেনের ছেলে নূর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩৫), তাদের ছেলে রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নূর বানু (৮), নূর মনি (৩), নূরী (১), পুত্রবধূ আলমিনা বেগম (২১), একই থানার ধর্মপুর গ্রামের মৃত আবদুলের ছেলে শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের ছেলে হামিদুল ইসলাম (৩২), হাফিজুল ইসলাম (১৯), হাসানুর (১৪), পুত্রবধূ মিতা বেগম (২৫), হামিদুলের মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২), নাটোর জেলার লালপুর গ্রামের কাঙাল শেখের ছেলে আইয়ূব আলী (৪০), একই গ্রামের রবেশ শেখের ছেলে বিষু শেখ (২০), রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের বজলুর রহমানের ছেলে আলি রহমান (২৮), নিজাম উদ্দিন (২২), একই জেলার চক রাজাপুর গ্রামের মইন উদ্দিন সরকারের ছেলে পলাশ সরকার (২৫)।

এর আগে গত ১৪ মে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছিল বিএসএফ। ওই ১৬ জনকে দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা আটকের পর কানাইঘাট থানায় হস্তান্তর করলে পরে তাদের আত্মীয়দের হেফাজতে ছেড়ে দেওয়া হয়।

ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে গতকাল সকালে বিএসএফের ঠেলে দেওয়া ১২ বাংলাদেশিকে আটক করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির দিয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে তাদের ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।

উপজেলার ভাষানীর মোড় থেকে আটক ১২ জনের মধ্যে চার পুরুষ, পাঁচ নারী ও তিন শিশু, কিশোর-কিশোরী রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন আব্দুল মজিদ (৪২), হালালী বেগম (৩৬), হালাল মিয়া (২০), আতাউর রহমান (৩৮), আনোয়ারা বেগম (৩৫), আল আমিন (১৯), আরজিনা খাতুন (১৬), আহসান হাবিব (২৭), গুলেনুর বেগম (৪০), মনিষা বেগম (২০), আবু বক্কর সিদ্দিক (৯ মাস), এনামুল হক (৪০), মর্জিনা বেগম (৩০) ও ইদুল হাসান (১৬)। তাদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।

আটক নাগরিকরা জানান, তারা দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে যায়। কয়েক দিন আগে তাদের আটক করা হয়। পরে শুক্রবার গভীর রাতে ভুরুঙ্গামারীর সীমান্তের কোনো এক স্থান দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত থেকে ভুরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাষানীর মোড় থেকে তাদের আটক করে বিজিবি।

ভুরুঙ্গামারী থানার ওসি আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি। বিকেলে আটকদের থানায় হস্তান্তর করে বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত