জুলাই যোদ্ধা ও পবিত্র কোরআনের হাফেজ মোহাম্মদ হাসানের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালি বাজারসংলগ্ন তরিকউল্যাহ সমাজ এলাকায় শহীদ হাসানের মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে হাসানকে দাফন করা হয়। তার জানাজায় এলাকায় মানুষের ঢল নামে।
জানাজায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক আরিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নোয়াখালী জেলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা।
