স্কুলশিক্ষিকাকে কুপিয়ে হত্যা, আহত ৫

আপডেট : ২৭ মে ২০২৫, ১২:৩০ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে জমির মাটি কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা রোজিনা বেগম (৪০)কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। মাধবপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, ধলাইরপার এলাকার জালাল মিয়া, ভাষানীগাঁও গ্রামের হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবণা, রেজাউল আহমেদ সাগর ও আজবর আলী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সোমবার সকালে ভাষানীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে একটি

কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম। খবর পেয়ে জালাল মিয়া মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তার মামা আজবর মিয়া, মনির মিয়াসহ কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের মৌলভীবাজার সদর হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত