অনলাইনে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এমন অডিও ক্লিপের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। গতকাল সোমবার একটি ইংরেজি ও একটি বাংলা দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল ইমরান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আলমকে আগামী ৩ জুন সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের অনুপস্থিতিতে আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে বিচারকার্য সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আদালত অবমাননার এ মামলায় গত রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও শাকিল আলমকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।
এর আগে শেখ হাসিনার এই বক্তব্যের ফরেনসিক পরীক্ষার পর এ বিষয়ে গত ৩০ এপ্রিল নিশ্চিত হয়ে ট্রাইব্যুনালকে অবহিত করে প্রসিকিউশন শাখা। এর ভিত্তিতে ট্রাইব্যুনালের বিচারকাজ বাধাগ্রস্ত করা ও হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য (হেইট স্পিচ) গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার যেসব বিদ্বেষপূর্ণ বক্তব্য ও বিবৃতি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ হয়েছে, তা তাৎক্ষণিক অপসারণের নির্দেশ দেয় আদালত।
