টার্মিনাল মেরামতের দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

আপডেট : ২৮ মে ২০২৫, ১২:১৬ এএম

জামালপুরে টার্মিনাল মেরামতের দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর শহরের দড়িপাড়া এলাকায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে বাস রেখে সড়ক অবরোধ করা হয়। এতে জামালপুরের সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের বাস চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টা পর্যন্ত চলে এ অবরোধ। পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সঙ্গে বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের আলোচনা হয়। পরে দ্রুত টার্মিনাল সংস্কারের আশ^াসে অবরোধ প্রত্যাহার করলে বাস চলাচল স্বাভাবিক হয়।

বাস মালিক ও শ্রমিক নেতারা জানান, এটি জামালপুর থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র বাস টার্মিনাল।

টার্মিনালটি জরাজীর্ণ এবং নোংরা হওয়ায় চালক, শ্রমিক এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। যাত্রীদের থাকা-খাওয়া ও টয়লেট না থাকায় চরম বেকায়দায় পড়তে হচ্ছে। বাস টার্মিনাল সংস্কারের জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন করা হলেও কোনো উন্নয়ন হয়নি। টার্মিনাল সংস্কারের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ করেন বাস শ্রমিকরা। দ্রুত সময়ের মধ্যে সংস্কার না হলে আবার আন্দোলন করা হবে বলেও জানান তারা।

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘প্রশাসনের বাস টার্মিনাল সংস্কারের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। দ্রুত সময়ের সংস্কার করা না হলে আবার আন্দোলন শুরু হবে।’

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে আমরা ৮০ লাখ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করেছি। প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দরপত্রের মাধ্যমে কাজ শুরু করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত