লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কবির হোসেন (৫৫) নামের প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ অভিভাবকরা। গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ, মোরশেদ আলম অভিযোগ করেন, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিশু ছাত্রীদের যৌন হয়রানি করার একাধিক প্রমাণ রয়েছে। ছয় মাস আগে একটি ঘটনায় তিনি মুচলেকাও দিয়েছিলেন।
ভুক্তভোগী শিশুর মা বলেন, তার মেয়ে বিদ্যালয়ে আসতে রাজি হচ্ছিল না। পরে জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, প্রধান শিক্ষক কবির হোসেন তাকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যৌন হয়রানি করে। ঘটনার বিস্তারিত জানতে গতকাল অভিভাবকদের একটি অংশ বিদ্যালয়ে আসেন। এ সময় অভিভাবকদের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় প্রধান শিক্ষককে আটকে রেখে মারধর করা হয়। খবর পেয়ে সদর থানা-পুলিশ প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মুন্নাফ বলেন, ছাত্রীর মায়ের লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে।
