রাজধানীর মিরপুরে দিনদুপুরে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীর নাম মো. মাহমুদুল ইসলাম (৫৫)। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে গুলি করার দৃশ্য ভাইরাল হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গুলিবিদ্ধ মাহমুদুলের বাবার নাম জামাল উদ্দীন (মৃত)। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান, বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থিত নিজের মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামসংলগ্ন সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেলযোগে ৬ দুর্বৃত্ত পথরোধ করে। তারা আমার সঙ্গে থাকা টাকা দিয়ে দিতে বলে এবং না দিলে কোমরের বাম পাশে গুলি করে। এরপর আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে আনেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে মিরপুর বিভাগের সহকারী উপপুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে যাই। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনরা জানিয়েছেন, আহত ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।
