৯ মাসে বিদেশি বিনিয়োগ ৯ হাজার কোটির বেশি

আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:৩৫ এএম

চলতি অর্থবছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে ৭৫ কোটি ৬ লাখ মার্কিন ডলার বা ৯ হাজার ২৪৭ কোটি টাকা। একই সময় প্রস্তাবিত বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় ১ বিলিয়ন ডলার বা ১২ হাজার ২২০ কোটি টাকা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানের কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিডা জানিয়েছে, ‘বিনিয়োগকারীদের সহায়তা প্রদান বিডার কার্যক্রমের অন্যতম প্রধান ভিত্তি এবং আমরা শিল্প নেতাদের সঙ্গে যৌথভাবে জ্ঞান, দক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উচ্চমানের এফডিআই আকর্ষণে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করছি। বিডার লক্ষ্য হচ্ছে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে অর্থবহ সংযোগ সৃষ্টি করে একটি শক্তিশালী বিনিয়োগ পাইপলাইন গঠন করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অক্টোবর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত সময়ে বিডা ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে, তার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প রয়েছে ৬৬টি এবং যৌথ বিনিয়োগ রয়েছে ৬১টি। আলোচ্য সময়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে। এর মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প ছয়টি এবং যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান ৩টি। পাশাপাশি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ৩১টি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তি করেছে। ফলে ৯ মাসে প্রস্তাবিত বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বা ১২ হাজার ২২০ কোটি টাকা এবং প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে ৭৫ কোটি ৬ লাখ ডলার বা ৯ হাজার ২৪৭ কোটি টাকা।

এর পেছনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর ভূমিকা রয়েছে বলে সংস্থাটি মনে করছে। যেখানে নির্দিষ্ট খাতভিত্তিক সেশনের মাধ্যমে ‘বিটুবি’ নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, যা ব্যবসায়ী চেম্বার, ব্যাংক ও বেসরকারি খাতের অন্য অংশীদারদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছিল।

বিডা জানিয়েছে, আগামী সপ্তাহে একটি উচ্চপর্যায়ের চীনা ব্যবসায়িক প্রতিনিধিদলের জন্য বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ ও ইলেকট্রনিকস খাতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ১০০টি বিটুবি বৈঠকের আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত