ময়মনসিংহে খাদ্য উপদেষ্টা

দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক

আপডেট : ২৯ মে ২০২৫, ১২:১৬ এএম

অদূর ভবিষ্যতে খাদ্য নিয়ে আমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। ইতিমধ্যে সারা দেশে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বর্তমানে দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আমরা আশাবাদী আমাদের সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

গতকাল বুধবার দুপুর দেড়টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা মো. আলী ইমাম মজুমদার।

সভায় উপদেষ্টা আরও বলেন, ‘চলতি মৌসুমে আমরা ১৪ লাখ টন চাল এবং সাড়ে ৩ লাখ টন ধান কিনব। এবার ভালো ফসল হয়েছে, আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। বর্তমানে দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। তবে ময়মনসিংহ বিভাগে খাদ্য মজুদের ধারণক্ষমতা কিছুটা কম। খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আজকের এই দিনে আমাদের খাদ্য মজুদ আছে ১৫ লাখ টন। যা গত বছরের এই দিনের চেয়ে ৩ লাখ টন বেশি।’ ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ন কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. শফিউল আলম, জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল কাদির, মুয়েদুর রহমান হুমায়নসহ শেরপুর, নেত্রকোণা, জামালপুর জেলার জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত