জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এখন সময়ের দাবি।
গত মঙ্গলবার জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশনের উচ্চপর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, ‘বৈশ্বিক ন্যায়বিচার এবং পারস্পরিক আস্থার স্বার্থে অবৈধ সম্পদ পাচার রোধে সম্মিলিত আন্তর্জাতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি।’
গতকাল বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তাতে জানানো হয়, এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য বর্তমানে প্রাপ্ত বিশেষ সুবিধাগুলো ধাপে ধাপে তুলে নেওয়ার পক্ষে মত দেন রাষ্ট্রদূত চৌধুরী। তিনি বলেন, ‘এই উত্তরণ প্রক্রিয়াটি টেকসই করতে হলে হঠাৎ করে সুবিধা প্রত্যাহার না করে তা ধাপে ধাপে সরানো উচিত।’
তিনি আরও বলেন, ‘উন্নয়নশীল দেশগুলো যেন নিজেদের সম্পদ ব্যবহার করে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা এবং নবায়নযোগ্য শক্তির মতো মৌলিক খাতে উন্নয়ন ঘটাতে পারে সে জন্য ‘সোশ্যাল বিজনেস’ বা সামাজিক উদ্যোগ অত্যন্ত কার্যকর হতে পারে।’
রাষ্ট্রদূত তার বক্তব্যে উন্নয়নশীল দেশের তরুণদের ‘মূল শক্তি’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘তারুণ্যের সম্ভাবনা কাজে লাগাতে হলে উদীয়মান প্রযুক্তি, বিশেষ করে শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।’
তিনি বাংলাদেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি ‘তিন শূন্যের বিশ্ব’ অর্থাৎ দারিদ্র্যমুক্ত, বেকারত্বহীন এবং কার্বন নিঃসরণহীন পৃথিবী গঠনের পক্ষে পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
