জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ ধানম-ির একটি ঘটনায় দলের কারণ দর্শানো নোটিসের জবাবে নিজের ভুল স্বীকার করেছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি না হওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন। এরই পরিপ্রেক্ষিতে এনসিপি তার বিরুদ্ধে আরোপিত নোটিস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হান্নান মাসউদ নির্ধারিত তিন কার্যদিবসের মধ্যে নোটিসের লিখিত ও মৌখিক জবাব দলের রাজনৈতিক পর্ষদের কাছে পেশ করেন। তিনি নোটিসে উল্লিখিত কর্মকাণ্ডে ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এমন ভুল না করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া, তদন্তে প্রমাণিত হয়েছে, ধানম-ি থানায় আটক ব্যক্তিদের সঙ্গে হান্নান মাসউদের কোনো সম্পৃক্ততা ছিল না। ফলে রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিস প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, গত ২১ মে এনসিপি হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিস জারি করেছিল। নোটিসটি ২০ মে ধানম-ির একটি ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়। নোটিসে বলা হয়, ধানম-ি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে পুলিশ আটক করে। এদের মধ্যে একজন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, যিনি নৈতিকতা স্খলনের কারণে আগেই কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি পেয়েছিলেন। তা সত্ত্বেও হান্নান মাসউদ থানায় গিয়ে আটকদের মুচলেকায় ছাড়িয়ে আনেন। এ ঘটনায় তাকে ব্যাখ্যা দিতে এবং সাংগঠনিক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়।
