পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড বুলেট উদ্ধার

আপডেট : ৩০ মে ২০২৫, ০৩:২৫ পিএম

মাদারীপুরের রাজৈরে কনস্টেবলকে মারধর করে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড শর্টগানের বুলেট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) ভোররাতে রাজৈর উপজেলার কদমবাড়ি থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) ভোররাতে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় মহামানব গণেশ পাগল সেবাশ্রমের আয়োজিত কুম্ভমেলায় জুয়াড়িদের সঙ্গে দুই পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ও জুবায়ের হাসানের হাতাহাতি হয়। এ সময় হামলা চালিয়ে তাদের মারধর করে জুয়াড়িরা। একপর্যায়ে কনস্টেবল মেহেদীর সঙ্গে থাকা সরকারি শর্টগানের ৩০ রাউন্ড বুলেট নিয়ে পালিয়ে যায় তারা। এ খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযানে নামেন থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে মহামানব গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাসসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতেই মাদারীপুর জেলা পুলিশ লাইন্সে নিয়োজিত দুই পুলিশ সদস্য মেহেদী হাসান ও জুবায়ের হাসানকে প্রত্যাহার করা হয়।

এ ব্যাপারে পুলিশের কনস্টেবল মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বর্তমানে মাদারীপুর পুলিশ লাইন্সে আছেন। তবে ওই ঘটনার সময় তার সঙ্গে কতজন ছিলেন জানতে চাইলে কনস্টেবল মেহেদী কলটি কেটে দেন।

এ বিষয়ে প্রত্যাহারকৃত আরেক পুলিশ সদস্য জুবায়ের হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, শর্টগানের ৩০ রাউন্ড বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডকুমেন্টসগুলা রেডি হচ্ছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। একটি মামলা দায়ের করা হচ্ছে। মামলাটি প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত