এক মেয়েকে নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পিএম

মাদারীপুরের রাজৈরে প্রেমঘটিত কারণে একটি মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, কয়েক মাস আগে উত্তম বালা গ্রুপ ও জয়দেব বালা গ্রুপের মধ্যে একটি মেয়েকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন, গোপাল বালা (৩৫), মিন্টু বালা (৩৩), জয়দেব বালা (৪৫), অসীম বালা (৪০) ও স্বপন বালা (৫৫), প্রকাশ বালা (৫০), বঙ্কিম বালা (৬০), নরেশ বালা (৫০), উত্তম বালা (৫৩), সজল বালা (৪০) ও তুলি বালা (৪২)। তারা সবাই একই এলাকার বাসিন্দা ও পরস্পরের আত্মীয় স্বজন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম তারেক জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত