ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও তার অসংখ্য ভক্ত রয়েছে। ফিল্মফেয়ার পুরস্কার বাংলা, দুইবার বিএফজেএ পুরস্কার, আনন্দলোক পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার থেকে মহানায়ক সম্মান পুরস্কারসহ দেশে-বিদেশে অনেক পুরস্কার পেয়েছেন। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে। এরপর দীর্ঘ ২২ বছরে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন রঞ্জিত মল্লিকের কন্যা। তবে বিয়ের পর বাণিজ্যিক সিনেমা থেকে দূরেই রয়েছেন কোয়েল। যে কাজগুলো করছেন সেগুলোও গল্প নির্ভর সিনেমা। কোয়েল বলছেন, আমার তো মনে হয় এই কাজ শুরু করলাম, কীভাবে এত বছর পেরিয়ে গেল বুঝলাম না। ওই সিনেমাগুলোর জন্যই আজকের আমি। এখন অনেক বছর পেরিয়ে গেছে, আমিও অনেকটা পরিণত। এ ধরনের সিনেমার কোটা আমার শেষ বলা যায়। অভিনেত্রী আরও বলেন, দেখতে চাই নতুনরা কেমন করছে। যদিও আগের থেকে বাণিজ্যিক সিনেমার সংখ্যা কমেছে, তবুও আমি মনে করি সব ধরনের সিনেমার ব্যালেন্স দরকার।
×
