কুমিল্লায় হাঁটুপানিতে ভিজেই স্নাতক (অনার্স) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রি শাখার কলাভবনে এমন দৃশ্য দেখা গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্নাতক (অনার্স) প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা বৃষ্টির পানিতে ডুবে থাকা শ্রেণিকক্ষে বসেই পরীক্ষা দেয়।
ভারী বর্ষণে কলেজ ক্যাম্পাসে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। কলেজ ক্যাম্পাসের প্রধান ফটক থেকে কলাভবন পর্যন্ত রাস্তা জুড়ে পানি জমে থাকায় শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী দিলরুবা সুলতানা বলেন, ‘সকালে পানি ছিল বলে আমরা বেঞ্চের ওপর দিয়ে হেঁটে কলাভবনে ঢুকেছি। নিচতলার সব কক্ষেই পানি ছিল। পা পানিতে ভিজিয়ে রেখেই পরীক্ষা দিতে হয়েছে।’
শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে পরীক্ষার পর বাড়ি ফিরতেও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া বলেন, জলাবদ্ধতার এ সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। আশপাশের হাউজিং এলাকা ও বিসিক শিল্প নগরীর পানি কলেজের পুকুরে এসে পড়ে। কলেজ এলাকার উচ্চতা অপেক্ষাকৃত কম হওয়ায় প্রতি বর্ষাতেই এ সমস্যায় পড়তে হয়। তিনি আরও বলেন, ‘চারপাশে বাউন্ডারি নির্মাণের একটি প্রকল্প হাতে নিয়েছি। এটি বাস্তবায়িত হলে আশপাশের পানি প্রবেশ বন্ধ হবে বলে আশা করছি।’
