জুলাই শুধু বীরত্বের নয়, বেদনারও গল্প : ফারুকী

আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:২৬ এএম

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘চব্বিশের জুলাই শুধু বীরত্বের নয়, বেদনারও গল্প। জুলাই জাদুঘরের মাধ্যমে সেই বেদনা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই।’ চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমদ শান্তর বাসায় তার মাকে সান্ত¡না দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এখানে এসে শহীদ পরিবারের যে বেদনাটা দেখলাম, সেই বেদনা যেন জুলাই জাদুঘরের ভিজিটরদের কাছে আমরা পৌঁছাতে পারি। সে লক্ষ্যে শহীদদের ব্যবহৃত জিনিসগুলো সংগ্রহের কাজ আমরা চট্টগ্রাম থেকে শুরু করেছি। দেড় মাস দেশ জুড়ে এ কাজ চলবে।’

গতকাল রবিবার সকালে নগরীর লালখান বাজার শহীদ শান্তর বাসায় যান সংস্কৃতি উপদেষ্টা। শান্তর মা উপদেষ্টার হাতে ছেলের পোশাক ও ব্যবহার্য জিনিসপত্র তুলে দিয়ে ছেলে হত্যার বিচার দাবি করেন।

পরে সংস্কৃতি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘জুলাই হত্যাকা-ে জড়িতদের বিচারের বিষয়ে সরকার সবচেয়ে ফোকাসড। আমি সরকারে ঢোকার পর বুঝতে পারি নিয়মতান্ত্রিক জটিলতা কত ভয়াবহ। ধরেন আমি দৌড়াই ১০০ মিটার গতিতে। নিয়ম আমাকে টেনে ধরে বলে দৌড়াও সেøা ম্যারাথন গতিতে। এটা বাস্তবতা। সে বাস্তবতার মধ্যেই আজ (গতকাল) থেকে একটা মামলার বিচারকাজ শুরু হয়েছে। এটা লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে টেলিভিশনে। যাতে করে সবাই জানতে পারে এখানে কী হচ্ছে। আমরা কোনো অন্যায় বিচার চাই না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে জুলাইতে যে জুলুম হয়েছে এবং আগের ১৬ বছর যা হয়েছে সব আমাদের চোখের সামনে ঘটেছে। আমরা একটা শক্ত বিচার চাই। সেই ন্যায়বিচার হলে আপনারা দেখবেন অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবে। আজকে প্রসেসটা শুরু হয়েছে। আমি নিশ্চিত প্রত্যেকটা মামলার বিচার হবে। আর জুলাই জাদুঘরের কাজ হবে খুনির সব অপরাধ জাতির সামনে তুলে ধরা। যেন ৫০ বছর পর আমরা যখন কেউ থাকব না, তখনকার প্রজন্ম তারা যেন জাদুঘরে গিয়ে দেখতে পায় আসলে কী হয়েছিল।’

পরে সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউজে শহীদ শহিদুল ইসলাম ও মো. ফারুকের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের ব্যবহার্য সামগ্রী গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত