ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন কমিশনার হিসেবে প্রাথমিকভাবে তিন শিক্ষকের নাম চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঈদের ছুটির পর সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ঘোষিত হবে পূর্ণাঙ্গ কমিশন।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ডাকসু নির্বাচনের প্রস্তুতি : টাইমলাইন অনুযায়ী অগ্রগতি অব্যাহত’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ও সম্ভাব্য শিক্ষকদের কেউ কেউ ছুটিতে থাকায় নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে।
