আদালতের আদেশ অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা ফিরে আসছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) বিষয়টিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াত নেতা আযাদ। তার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
হামিদুর রহমান আযাদ বলেন, আদালতের আদেশে বলা হয়েছে, পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য। যেমন আমি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি। সেই সময় প্রতীক ও নিবন্ধন দুটোই বৈধ ছিল। আজ পর্যন্ত হাইকোর্ট যে আদেশটি দিয়েছিল, তা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এখন নির্বাচন কমিশনের না দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ২০১৩ সালে হাইকোর্ট আদেশ দেওয়ার আগে পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীক ইসির সংরক্ষিত তালিকায় ছিল। আমাদের নিবন্ধনও বৈধ ছিল। এখন যেহেতু আদেশে পূর্বের অবস্থায় ফেরার কথা বলা হয়েছে, স্বাভাবিকভাবেই প্রতীক ও নিবন্ধন ফিরে আসবে। তিনি আরও বলেন, ওনারা (ইসি) আমাদের পজিটিভলি রেসপন্স করেছেন। অফিশিয়াল প্রসিডিউর করতে যতটুক সময় লাগে। যত দ্রুত সময়ের মধ্যে কার্যকর করবে বলে জানিয়েছে এবং আমরাও আমাদের বক্তব্য তুলে ধরেছি। বিলম্ব না করে দ্রুত যাতে কার্যকর করে দেয়।
সিইসি ছাড়াও বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধিত্ব করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী শিশির মনির।
