ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। গতকাল বুধবার ভোর সোয়া চারটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরতলির বিরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকটি ঢাকার সাভার থেকে ছেড়ে আসে। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরতলির বিরাসার এলাকায় সড়কের পাশের খাদে আগে থেকেই একটি প্রাইভেটকার পড়েছিল। ভোরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেই প্রাইভেটকারের ওপর পড়ে। এতে বিকট শব্দে একাধিক সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে ট্রাক ও প্রাইভেটকারে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের তাপে আশপাশের তিন থেকে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্ফোরণের প্রচ- শব্দে কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে যায়। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস বলেন, ভোর ৪টা ২০ মিনিটে খবর পাই। এরপর দুটি স্টেশনের পাঁচটি ইউনিট গিয়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
লাশবাহী গাড়ির চালক রিয়াজ বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে হবিগঞ্জ গিয়েছিলাম লাশ নিয়ে। যাওয়ার পথে ৩০ মিনিটের এই পথ ২ ঘণ্টা লেগেছে।’
পথচারী হেলাল মুন্সী বলেন, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কের নির্মাণকাজ চলায় বিরাসার এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মুবিন মিয়া বলেন, ‘ভোরে বিকট শব্দ শুনতে পাই। পরে গিয়ে দেখি চারদিকে আগুন। বিস্ফোরণের বিকট শব্দে আমরা সকলেই খুব আতঙ্কে ছিলাম।’
সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, ‘বিরাসার এলাকায় একটি প্রাইভেটকার গর্তে পড়ে আটকে যায়। তখন পাশ দিয়ে যাওয়া অবস্থায় সিলিন্ডারভর্তি একটি ট্রাক প্রাইভেটকারটির ওপর উল্টে পড়ে। এতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।’
