কর্মচারীদের আন্দোলনের মুখে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা করতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং আন্দোলনরত সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব।
এতে আরও বলা হয়, কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন সংশোধিত অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। ২৫ মে রাতে যা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।
